![]() |
| ছবি সংগ্রহীত |
📰 জয়পুরহাটে চার কলেজে শতভাগ ফেল
এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে জয়পুরহাট জেলায় চরম হতাশার খবর মিলেছে। জেলার চারটি কলেজে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। শিক্ষা বোর্ডের তথ্যমতে, এসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফলাফলে এমন চরম ব্যর্থতার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই চারটি প্রতিষ্ঠান থেকে মোট ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সদর উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ১৯ জন, আলহেরা একাডেমি অ্যান্ড কলেজে ৬ জন, কালাই উপজেলার মোলামগারীহাট কলেজে ৩ জন এবং রতনপুর কলেজে ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। চার প্রতিষ্ঠানেই কেউ পাস করতে পারেনি।
শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮১.২ শতাংশ হলেও জয়পুরহাটে পাসের হার মাত্র ৫৮.৩২ শতাংশ—যা বিভাগীয় গড়ের তুলনায় অনেক কম। জেলার ১২টি কেন্দ্রে এ বছর সাত হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, এ ফলাফল শুধু শিক্ষার্থীদের নয়, পুরো জেলার শিক্ষা ব্যবস্থার মান নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের মতে, ক্লাসে শিক্ষকদের উপস্থিতি ও পাঠদানের মান নিশ্চিত না হলে ভবিষ্যতে এই ধারা আরও ভয়াবহ আকার নিতে পারে।
---
#Joypurhat #HSCResult2025 #EducationNews #BanglaNews #HSCFail #BanglaEdition24 #EducationCrisis #BreakingNews #BangladeshNews

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন